প্রকাশের তারিখঃ Jul 13, 2026 ইং
পেরুতে হলান্ডের নামে শিশুদের নাম রাখার হিড়িক
বিশ্বকাপে ৭টি দুর্দান্ত গোল ও ১টি অ্যাসিস্ট করে হলান্ড শুধু নরওয়ের ঐতিহাসিক সাফল্যেই ভূমিকা রাখেননি, জয় করে নিয়েছেন কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয়। মাঠে তাঁর লম্বা দৌড়, শক্তিশালী উপস্থিতি এবং গোল উদযাপন সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এই জনপ্রিয়তার প্রভাব এবার দেখা গেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে। দেশটির জাতীয় পরিচয় ও নাগরিক নিবন্ধন সংস্থা RENIEC–এর তথ্য অনুযায়ী, বিশ্বকাপ চলাকালীন সময়ে ৪৬৮ জন নবজাতকের নাম রাখা হয়েছে "হলান্ড", আর ৯১ জন শিশুর পুরো নাম রাখা হয়েছে "আরলিং হলান্ড"।
বিশ্বকাপে নরওয়ের দুর্দান্ত পারফরম্যান্স, বিশেষ করে ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার পর এই নামকরণের প্রবণতা আরও বেড়ে যায়।
RENIEC-এর মুখপাত্র ইভান তোরেস জানান, বিশ্বখ্যাত ফুটবল তারকারা পেরুর মানুষকে অনুপ্রাণিত করেন। তাই অনেক অভিভাবক তাঁদের সন্তানদের নাম জনপ্রিয় ফুটবল তারকাদের নামে রাখছেন।
শুধু হলান্ডই নন, পেরুতেও ফুটবল তারকাদের নামে নাম রাখার দীর্ঘ ইতিহাস রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী—
মেসি নামে রয়েছেন ৩,৪০২ জন
লিওনেল মেসি পুরো নামে ২৯২ জন
ক্রিস্টিয়ানো রোনালদো নামে ১,১৮৫ জন
ইয়ামাল নামে ১,২৪১ জন
এমবাপ্পে নামে ২৩৮ জন
আর নেইমার নামে রয়েছেন ৩৩,৮০৯ জন
হলান্ডের অসাধারণ পারফরম্যান্স ও নরওয়ের বিশ্বকাপ যাত্রা যে পেরুর সাধারণ মানুষের মন জয় করেছে, নবজাতকদের নামকরণের এই নতুন প্রবণতা তারই অনন্য উদাহরণ।
Copyright © 2026 All rights reserved.